মাহাবুবুর রহমান (ময়মনসিংহ):
ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্রের খুব কাছেই অবস্থিত চর কালীবাড়ি। একসময় আবাসিক এলাকা হিসেবে পরিচিত এই জনপদ এখন স্থানীয়ভাবে পরিচিতি পেয়েছে অন্য এক নামে—‘ময়লাকান্দা’। প্রায় তিন দশক ধরে নগরীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ঝুঁকিপূর্ণ মেডিকেল বর্জ্য এবং সিটি করপোরেশনের হাজার হাজার টন গৃহস্থালি আবর্জনা এখানে ফেলা হচ্ছে। ফলে এলাকাটি এখন পরিণত হয়েছে একটি স্থায়ী ভাগাড়ে, যা প্রতিদিন বাড়িয়ে তুলছে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা থেকে ময়মনসিংহ শহরে প্রবেশের অন্যতম প্রধান সড়কের পাশজুড়ে এক বিশাল এলাকা দখল করে রয়েছে এই আবর্জনার স্তূপ। সিটি করপোরেশনের ট্রাক ও ভ্যানে করে দিনের বিভিন্ন সময়ে এখানে ময়লা এনে ফেলা হচ্ছে। দুর্গন্ধময় এই স্তূপের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে কুকুর, গবাদিপশু ও অসংখ্য মাছি। আর এর মাঝেই কিছু সুবিধাবঞ্চিত নারী ও শিশুকে জীবিকার তাগিদে প্লাস্টিক ও পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী খুঁজতে দেখা যায়।
বর্জ্যের এই পাহাড়ের কারণে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র দুর্গন্ধ। ফলে পথচারীদের নাক-মুখ চেপে চলাচল করতে হচ্ছে। দুর্গন্ধ থেকে বাঁচতে দূরপাল্লার ও স্থানীয় যানবাহনের চালকেরাও দ্রুত এই এলাকা অতিক্রম করার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা জানান, গরম ও বর্ষা মৌসুমে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।
ভুক্তভোগী এক স্থানীয় বাসিন্দা আক্ষেপ করে বলেন, "ময়লার গন্ধে ঘরের দরজা-জানালা পর্যন্ত খুলে রাখা যায় না। এলাকার বাচ্চাদের প্রায়ই শ্বাসকষ্ট আর চর্মরোগে ভুগতে হয়। আমরা এই নরকযন্ত্রণা থেকে মুক্তি চাই।"