নিজস্ব প্রতিবেদক | ঢাকা
‘ব্যাংক ডাকাত’ হিসেবে আলোচিত এস আলম গ্রুপের সহযোগী হিসেবে অভিযুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) কর্মকর্তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী।
রোববার (২৪ মে) দুপুরে রাজধানীর মতিঝিল সিটি সেন্টারের সামনে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এ দাবি জানান।
সমাবেশে সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, “এস আলমের পাচারকৃত প্রায় দুই লক্ষ ত্রিশ হাজার কোটি টাকা দ্রুত উদ্ধার করতে হবে এবং বিভিন্ন ব্যাংকে কর্মরত তার সহযোগীদের আইনের আওতায় আনতে হবে।”
তিনি অভিযোগ করে বলেন, প্রতারণার মাধ্যমে হাসিনা আক্তার চৌধুরীর কাছ থেকে ৬৯ লাখ টাকা আত্মসাতের ঘটনায় এস আলমের অন্যতম সহযোগী হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংকের এভিপি মাহফুজ আলম, ম্যানেজার এম এ মোতালেব, মোস্তফা কামাল ও ফারুক আহমেদ লিটনগংদের বিরুদ্ধে ধানমন্ডি থানা ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তারা এখনো বহাল তবিয়তে চাকরিতে বহাল রয়েছেন।
“অভিযোগ থাকা সত্ত্বেও এসব ব্যক্তির বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং প্রশ্নবিদ্ধ।”
— সারোয়ার ওয়াদুদ চৌধুরী
সমাবেশ থেকে পলাতক এস আলম গ্রুপ, সামিট গ্রুপ ও অন্যান্য অভিযুক্ত প্রতিষ্ঠানের কার্যক্রম বর্তমানে কারা পরিচালনা করছেন, তা জনসমক্ষে প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর প্রতি জোর আহ্বান জানানো হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও সিনিয়র অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন:
সমাবেশে বক্তাদের পাশাপাশি প্রতারণার শিকার বিভিন্ন ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকরাও উপস্থিত ছিলেন।