নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর শিশু সানজিদা আক্তারের (১১) মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান অভিযুক্ত বিল্লাল হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) ভোরে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিল্লাল ওই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে সানজিদা পাশের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়েন।
পরদিন শুক্রবার বিকেলে, নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা এলাকায় অভিযুক্ত বিল্লাল হোসেনের বাড়ির একটি টয়লেট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু সানজিদা আক্তার হত্যা মামলার প্রধান অভিযুক্ত বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই নৃশংস ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কিনা তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
তিনি আরও জানান, অপরাধীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।