1
2
| প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
দুমকিতে পিকআপ চাপায় অবসরপ্রাপ্ত ব্যাংকার নিহত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
সাকিব হোসেন পটুয়াখালী:
পটুয়াখালীর দুমকি-বাউফল সড়কে পিকআপ ভ্যানের চাপায় মো. হারুন অর রশীদ খান (৭০) নামের এক অবসরপ্রাপ্ত ব্যাংকার নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে দুমকি উপজেলা কমপ্লেক্স সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মজিবুর রহমান (৪০) নামের এক পোশাককর্মী গুরুতর আহত হন।
নিহত হারুন অর রশীদ খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের বাসিন্দা ছিলেন। আহত মজিবুর রহমানের বাড়ি বাউফল উপজেলার নওয়ালা গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে হারুন অর রশীদ সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির মালবাহী পিকআপ তাঁকে চাপা দেয়। পথচারীকে চাপা দেওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হারুন অর রশীদের মৃত্যু হয়।
স্থানীয় লোকজন গুরুতর আহত মজিবুর রহমানকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মজিবুর ঢাকা থেকে মালামাল নিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক পিকআপটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর