1
2
| প্রকাশের তারিখঃ ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
কক্সবাজারে চাঞ্চল্যকর আজিম হত্যার মূল আসামি গ্রেপ্তার: ২ ঘণ্টার অভিযানে উদ্ধার আলামত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
লোকমান ইসলাম রানা
কক্সবাজার শহরে এনজিওর কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে হামলার শিকার যুবক আজিমের মৃত্যুর পর মাত্র ২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ১টার দিকে ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরী পাড়ার পাতাবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম রবিউল হোসাইন প্রকাশ রবি (২৬)। সে ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরী পাড়া এলাকার আনোয়ার হোসাইনের ছেলে। গ্রেপ্তারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের বাটামও উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল দুপুরে এনজিওর কিস্তির টাকা নিয়ে আসামি রবির বসতঘরের সামনে ভিকটিম আজিমের সাথে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রবি উত্তেজিত হয়ে একটি কাঠের বাটাম দিয়ে আজিমের মাথায় প্রচণ্ড আঘাত করে। রক্তাক্ত অবস্থায় আজিমকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ৯ এপ্রিল সন্ধ্যা ৭:৩০ মিনিটে আজিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ সকালে নিহতের পরিবার বিষয়টি জানতে পেরে থানায় সংবাদ দিলে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ছমিউদ্দিনের নির্দেশে একটি বিশেষ টিম অভিযানে নামে। এসআই নুর মোহাম্মদ, এসআই সাগর দে, এসআই অজিত কুমার দাশ ও কনস্টেবল মেহেদী হাসানের সমন্বয়ে গঠিত টিমটি সংবাদ প্রাপ্তির মাত্র ২ ঘণ্টার মাথায় দুপুর ১টার দিকে পাতাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ঘাতক রবিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অফিসার ইনচার্জ মো: ছমিউদ্দিন জানান,সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযানে নামি। ঘাতক পালানোর চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় তাকে দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত আজিম কক্সবাজার পৌরসভার ৮ নং ওয়ার্ডের বৈদ্যঘোনা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। আজিমের বড় ভাই মোহাম্মদ আব্দুল্লাহ বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও পুলিশের দ্রুত পদক্ষেপে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর