মোঃ সেলিম সাজ্জাদ
সিনিয়র স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধ দমনে আপসহীন অবস্থান নিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম এবং ত্রিশাল থানার নবনিযুক্ত ওসি মনসুর আহম্মদ। দায়িত্বশীলতা, বিচক্ষণ কৌশল ও নিরলস পরিশ্রমের মাধ্যমে দুই থানাতেই ইতিবাচক পরিবর্তনের চিত্র ফুটে উঠেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের দাবি, এই দুই কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর এলাকায় মাদককারবারি, ছিনতাইকারী ও চাঁদাবাজদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমেছে। ময়মনসিংহ নগরীর বাসিন্দা আসমা খাতুন নামে একজন শিক্ষিকা বলেন, “ওসি শিবিরুল ইসলাম যোগদানের পর নগরীর পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। টহল বৃদ্ধি পাওয়ায় এখন আমরা অনেক বেশি নিরাপদ বোধ করি।”
কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম নিয়মিত রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে ছিনতাইকারী, চোর ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করছেন। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করায় সচেতন মহলে তিনি প্রশংসিত হচ্ছেন।
অভিযান প্রসঙ্গে ওসি শিবিরুল ইসলাম বলেন:
“ডিআইজি জনাব আতাউল কিবরিয়া এবং পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান স্যারের নির্দেশনায় আমরা কাজ করছি। ময়মনসিংহ নগরীর মানুষ যাতে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য। অন্যায়কারী ও চাঁদাবাজদের জন্য কোতোয়ালী এলাকায় কোনো জায়গা হবে না। প্রয়োজনে অপরাধীদের ঘুম হারাম করে দেওয়া হবে।”
অন্যদিকে, ত্রিশাল থানার ওসি মনসুর আহম্মদ দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখছেন। এর আগে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় থাকাকালীন মাদক ও ডাকাতি দমনে তিনি বিশেষ সফলতা দেখিয়েছিলেন।
তার কর্মতৎপরতা নিয়ে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি নেতা আজিজুল ইসলাম বলেন, “তিনি অত্যন্ত মেধাবী ও দক্ষ কর্মকর্তা। তার সময়ে দেওয়ানগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছিল।” ত্রিশাল পৌরসভার সাবেক মেয়র আমিন সরকারও তার মেধা ও কৌশলের ওপর আস্থা প্রকাশ করেছেন।
নিজের কর্মপরিকল্পনা নিয়ে ওসি মনসুর আহম্মদ বলেন:
“এর আগেও আমি ত্রিশালে দায়িত্ব পালন করেছি। এবারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় আমরা ত্রিশালকে একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলবো।”
সংশ্লিষ্টরা মনে করছেন, দুই থানার ওসির এমন কঠোর ও আন্তরিক অবস্থানে ময়মনসিংহে অপরাধীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, যা সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে এনেছে। প্রশাসনের এই ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে।