1
2
| প্রকাশের তারিখঃ ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ৫ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় চালু
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ৫ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় চালু
___________________________________
ঈদের রাতেই কুমিল্লায় বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ফলে চট্টগ্রামের সাথে সারাদেশে রেল যোগাযোগ ৫ ঘন্টা বন্ধ থাকার পর আজ সকাল ৮ টা থেকে পুনরায় চালু হয়েছে। ভয়াবহ এ সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী ‘মামুন স্পেশাল’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দ্রুতগতির ট্রেনটি বাসটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।
খবর পেয়ে কুমিল্লা পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিহতদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরও সেখানে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যোগাযোগ করা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. অজয় ভৌমিক জানান, হাসপাতালে সকাল পর্যন্ত ১২ জনের মরদেহ নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত হয়েছে, বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
দুর্ঘটনার পরপর চট্টগ্রাম থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। উদ্ধার কাজ শেষে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করতে সকাল ৮ টা বেজে যায় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, রেলগেটের সিগন্যালম্যানের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
তবে কুমিল্লা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাস চালকের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরীকে প্রধান করে জেলা প্রশাসনের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া রেলওয়ের পক্ষ থেকেও বিভাগীয় ও জোনাল পর্যায়ে আরও দুটি তদন্ত কমিটি করা হয়েছে। রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা ২ জন গেটকিপারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, সংঘর্ষের পরপর পুলিম, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগনের যৌথ উদ্যোগে দ্রুত উদ্ধার কাজ শেষ করে আজ ২২ মার্চ রবিবার সকাল ৮ টায় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় চালু করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ীদের তদন্তের মাধ্যমে শনাক্ত করা হবে এবং গঠিত তদন্ত কমিটিগুলোর তদন্ত রিপোর্ট দ্রুত সময়ে জমা দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর