1
2
| প্রকাশের তারিখঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মিরপুরে কোটি টাকার প্রতারণার অভিযোগ: ফরিদুল আলম পলাতক, ভুক্তভোগীদের আর্তনাদ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মিরপুরে কোটি টাকার প্রতারণার অভিযোগ: ফরিদুল আলম পলাতক, ভুক্তভোগীদের আর্তনাদ
_______________________________
রাজধানীর মিরপুর এলাকায় সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ফরিদুল আলমের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ নিয়েছেন। অভিযোগ ওঠার পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বাসিন্দা ফরিদুল আলম বর্তমানে মিরপুর-২ নম্বর সেকশনের বড়বাগ এলাকায় একটি ফ্ল্যাটে বসবাস করতেন। নিজেকে আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের তালিকাভুক্ত ঠিকাদার পরিচয় দিয়ে চাকরি প্রত্যাশীদের আস্থা অর্জন করতেন। গত দেড় দশকে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি বিপুল অর্থ আত্মসাৎ করেছেন বলে একাধিক ভুক্তভোগীর অভিযোগ।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তার একটি সংগঠিত প্রতারক চক্র রয়েছে। অভিযোগ রয়েছে, এই চক্রে কয়েকজন নারীকে ব্যবহার করে প্রভাবশালী ব্যক্তিদের ফাঁদে ফেলে পরে ব্ল্যাকমেইল করা হতো। কেউ টাকা ফেরত চাইলে বা প্রতিবাদ করলে তার বিরুদ্ধে মামলা, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা কিংবা শারীরিক হামলার হুমকি দেওয়া হতো।
সম্প্রতি এক ভুক্তভোগী প্রকাশ্যে অভিযোগ তোলার পর হোয়াটসঅ্যাপে তাকে হুমকি দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। ওই বার্তায় ভয়েস রেকর্ড প্রকাশ, পুরোনো মামলা ছড়িয়ে দেওয়া এবং গ্রেপ্তার করানোর হুমকির কথাও উল্লেখ ছিল। ভুক্তভোগীর ভাষ্য, বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্তের মোবাইল ফোন বন্ধ এবং তিনি এলাকা ছাড়েন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, সরকারি চাকরির আশায় জমি বিক্রি করে কয়েক দফায় টাকা দিয়েছেন তিনি। এখন টাকা ফেরত চাইলে উল্টো তাকে মামলায় জড়ানোর ভয় দেখানো হচ্ছে। একই ধরনের অভিযোগ করেছেন আরও কয়েকজন।
এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য মেলেনি।
ভুক্তভোগীরা বলছেন, দ্রুত তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার এবং আত্মসাৎ করা অর্থ উদ্ধারের ব্যবস্থা নেওয়া না হলে আরও অনেকে প্রতারণার শিকার হতে পারেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর