1
2
| প্রকাশের তারিখঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে দেবর কর্তৃক মারধর, সাংবাদিকদের মামলা ও দেখে নেওয়ার হুমকি
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে দেবর কর্তৃক মারধর, সাংবাদিকদের মামলা ও দেখে নেওয়ার হুমকি
_________________________________________________________
পটুয়াখালীর বাউফলে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দিতে রাজি না হওয়ায় আকলিমা আক্তার (২১) নামের এক গৃহবধূকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে তার দেবরের বিরুদ্ধে। গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বাউফল উপজেলার শাপলাখালী গ্রামে এই বর্বরোচিত ঘটনাটি ঘটে।
আক্রান্ত আকলিমা আক্তার ওই গ্রামের মৃত কবির মৃধার মেয়ে। পাঁচ বছর আগে পারিবারিকভাবে একই গ্রামের খুরশিদ মৃধার ছেলে প্রবাসী মনির মৃধার সঙ্গে তার বিয়ে হয়। বর্তমানে তাদের তিন বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে আকলিমাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন তার স্বামী মনির মৃধা। আকলিমার বাবা বেঁচে না থাকলেও মেয়ের সুখের কথা চিন্তা করে তার মা ইতিপূর্বে কয়েক দফায় জামাইকে টাকা দিয়েছেন। বর্তমানে মনির লেবানন প্রবাসী হওয়া সত্ত্বেও সেখান থেকে ফোনে ২ লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে তালাক দেওয়ার হুমকি দেন।
সর্বশেষ দাবি করা এই যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে, গত রবিবার বিকেলে মনিরের ছোট ভাই আকাশ মৃধা (২২) আকলিমাকে নির্মমভাবে মারধর করেন। খবর পেয়ে আকলিমার ছোট ভাই তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সুজন ইসলাম জানান, "গৃহবধূর শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে।"
এই বিষয়ে লেবানন থেকে প্রবাসী মনির মৃধার সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে কথা বলতে রাজি হননি। পরবর্তীতে ক্ষিপ্ত হয়ে তিনি সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, "এগুলো নিয়ে নিউজ করলে আমি সাংবাদিকদের বিরুদ্ধে আদালতে মামলা করবো। আপনারা যা পারেন করেন।" এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত দেবর আকাশ মৃধার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, "এখন পর্যন্ত এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর