প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ময়মনসিংহ-৪ সদর আসনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন মাওলানা কামরুল আহসান এমরুল
_________________________________
ঘোষণা করলেন শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের বিস্তৃত ইশতেহার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ- ৪ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
“চলো একসাথে গড়ি বাংলাদেশ” স্লোগানে ঘোষিত এই ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান ও সুশাসনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
শিক্ষা খাতে অগ্রাধিকার ইশতেহার অনুযায়ী ময়মনসিংহ সদরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, বিদ্যমান ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, দুর্গম ও নিম্ন আয়ের এলাকায় মোবাইল স্কুল ও মিনি স্কুল চালু করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কওমি মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন এবং যেখানে প্রাথমিক বিদ্যালয় নেই সেখানে বিদ্যালয় বা ইবতেদায়ি মাদ্রাসা স্থাপনের পরিকল্পনার কথা বলা হয়েছে।
স্বাস্থ্যসেবার উন্নয়ন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ১ হাজার থেকে ৩ হাজারে উন্নীত করা, ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের মানোন্নয়ন এবং জেলা হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে।
যোগাযোগ ও অবকাঠামো
নগরীর রেললাইনের দুই পাশে জায়গা অধিগ্রহণ করে দুই পাশ দিয়ে সড়ক নির্মাণ, ময়মনসিংহ-ঢাকা অফিস টাইম ট্রেন চালু, ময়মনসিংহ-সিলেট ও ময়মনসিংহ-রাজশাহী রেল যোগাযোগ জোরদার এবং ঢাকা-জুয়েলগেট এলিভেটেড রেল স্থাপনের উদ্যোগের কথা ইশতেহারে উল্লেখ রয়েছে।
নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান
নারীদের জন্য বিনামূল্যে বিশেষ স্কিল ট্রেনিং (টেইলারিং, আইটি, হোম কেয়ার সার্ভিস, অনলাইন ব্যবসা ইত্যাদি) চালু, নারী ও শিশু নির্যাতন এবং ইভটিজিং প্রতিরোধে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সুশাসন ও সামাজিক নিরাপত্তা
রাজনৈতিক হয়রানিমূলক ও প্রতিহিংসামূলক মামলা বন্ধ, নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের উৎসাহ ও প্রণোদনা প্রদান, শহরে সবুজায়ন ও একাধিক শিশু পার্ক স্থাপন এবং নিয়মিত জনগণের সঙ্গে সরাসরি সংলাপের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এছাড়া ময়মনসিংহ বিভাগীয় শহরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও মাল্টিপারপাস ইনডোর স্টেডিয়াম নির্মাণ এবং সংখ্যালঘু ও অন্যান্য ধর্মাবলম্বীদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের অধিকার সুরক্ষার অঙ্গীকারও ইশতেহারে তুলে ধরা হয়েছে।
ইশতেহার ঘোষণার শেষে প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেন,
“আমরা জাতির সেবক হতে চাই, শাসক হতে নয়। ন্যায়, ইনসাফ ও উন্নয়নের মাধ্যমে ময়মনসিংহ সদরকে একটি আদর্শ আসনে পরিণত করাই আমাদের লক্ষ্য।”