1
2
| প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন কর্তৃক প্রদর্শনী
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন কর্তৃক সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও ব্যান্ড ডিসপ্লে প্রদর্শনী
______________________________
অদ্য ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে জেলা প্রশাসন, কক্সবাজার এর উদ্যোগে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়।
উক্ত অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে রামু সেনানিবাসস্থ বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেড অধীনস্থ ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় প্রায় ১৫০ (একশত পঞ্চাশ) জন সেনাসদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে নিরাপত্তা দায়িত্ব পালন করেন। স্টেডিয়ামের প্রধান গেটসহ সকল প্রবেশপথে সেনাসদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি গোলধিঘীর পাড় ও পার্শ্ববর্তী এলাকাসমূহে সার্বক্ষণিক মোবাইল টহল পরিচালনার মাধ্যমে যেকোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সেনাসদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে গৃহীত সুসংহত ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থার ফলে সম্পূর্ণ অনুষ্ঠান শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড্ডয়ন, কুচকাওয়াজ ও বিভিন্ন ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেড অধীনস্থ ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কর্তৃক আয়োজিত মনোমুগ্ধকর ও প্রাণবন্ত ব্যান্ড ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সকল স্তরের আমন্ত্রিত অতিথি ও দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আয়োজিত এ বিজয় দিবস উদযাপন কক্সবাজারবাসীর মাঝে জাতীয় ঐক্য, গৌরব ও দেশপ্রেমের চেতনাকে আরও সুদৃঢ় করেছে। একই সঙ্গে এ আয়োজন স্বাধীনতার সুফল সংরক্ষণ ও দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রেরণা যুগিয়েছে।
পরিশেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতঃপর জেলা প্রশাসক, কক্সবাজার কর্তৃক সম্মানিত জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়ার পক্ষে উপস্থিত লে: কর্নেল তানভীর আহমেদ, এসজিপি, পিএসসি, অধিনায়ক, ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সর্বশেষে জেলা প্রশাসক, কক্সবাজার বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন কর্তৃক অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও মনোমুগ্ধকর ব্যান্ড ডিসপ্লে প্রদর্শনীর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
লোকমান ইসলাম রানা
কক্সবাজার প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর