1
2
| প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
তারেক রহমানের সঙ্গে লন্ডনে চসিক মেয়রের সাক্ষাৎ,
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
নগর সরকার গঠনের দাবি জানালেন ডা. শাহাদাত
____________________________
লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের(চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এ বৈঠকে মেয়র ডাঃ শাহাদত নগর সেবা ব্যবস্থায় বিদ্যমান সমন্বয়হীনতার বিষয়টি তুলে ধরে ‘নগর সরকার’ গঠনের দাবি জানান। বিএনপি ক্ষমতায় এলে এই উদ্যোগ বাস্তবায়নের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের কিংস্টোনে তারেক রহমানের বাসায় দুই নেতার মধ্যে দীর্ঘ আলোচনা হয়। বাংলাদেশ সময় রাত ১টার দিকে মেয়র শাহাদাত তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে সাক্ষাতের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবিতে চসিক মেয়র হিসেবে তার এক বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘উন্নয়ন প্রতিবেদন’ বইটি তারেক রহমানের হাতে তুলে দিতে দেখা যায়। বৈঠকে দলীয় ও জাতীয় রাজনীতির বিষয়েও আলোচনা হয় বলে জানা যায়।
রবিবার লন্ডন থেকে চসিক মেয়র বলেন, “সিটি করপোরেশনের মেয়র হিসেবে আমার দায়িত্বের এক বছর পূর্ণ হয়েছে। গত এক বছরে নগরীর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করেছি। এ উপলক্ষে প্রকাশিত প্রতিবেদনটিও তাঁকে দিয়েছি।”
তিনি আরও বলেন, “গত এক বছরে প্রায় সব নালা–নর্দমা পরিষ্কার করা হয়েছে। এর ফলে এবার নগরীর জলাবদ্ধতা অর্ধেকে নেমে এসেছে। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে আরও ২১–২২টি খাল খননের উদ্যোগের কথা জানিয়েছি তাঁকে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে চট্টগ্রাম স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত হবে। এছাড়া চট্টগ্রামকে গ্রিন, ক্লিন, হেলদি ও সেইফ সিটি হিসেবে গড়ে তুলতে প্রস্তাবিত কর্মপরিকল্পনাও আলোচনা করেছি।”
বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়হীনতাকে নগর উন্নয়নের বড় বাধা উল্লেখ করে মেয়র ডা. শাহাদাত বলেন, “একেক প্রতিষ্ঠান একেকভাবে কাজ করে, কোনো সমন্বয় নেই। এর ফলে ভোগান্তির শিকার হন সাধারণ নাগরিকরা। নির্বাচিত ব্যবস্থার মধ্যে আইনগত কর্তৃত্ব না দিলে সমন্বয় সম্ভব নয়। সিটি করপোরেশনের মাধ্যমে নগর সরকার গঠনে তাই কোনো বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় এলে যেন এটি বাস্তবায়ন করা হয়—এ অনুরোধ করেছি।”
দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের সঙ্গে মেয়র শাহাদাতের এই সরাসরি সাক্ষাৎ হলো। স্কাইপিতে নিয়মিত কথোপকথন হলেও লন্ডনে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ হয়নি আগে। তিনি জানান, পূর্বে দুইবার ভিসা আবেদন করেও যেতে পারেননি। এবার কূটনৈতিক পাসপোর্ট থাকায় প্রক্রিয়াটি সহজ হয়।
গত ৮ নভেম্বর ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে যান মেয়র ডা. শাহাদাত। ২১ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর