1
2
| প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
শ্রীপুরে মহাসড়ক অবরোধ ও এএইয়ার্ন কারখানায় ভাঙচুর, শতাধিক শ্রমিকের বিরুদ্ধে মামলা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তেজনা, ব্যাপক ক্ষয়ক্ষতি
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও এএইয়ার্ন কারখানায় ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কারখানার প্রশাসনিক ভবন ও যন্ত্রপাতিসহ বহু সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রবিবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা হঠাৎ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে তারা কারখানার বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় প্রায় ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভাঙচুরে প্রশাসনিক কক্ষ, যন্ত্রপাতি ও জানালাসহ বহু সম্পদের ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শ্রমিকরা দীর্ঘদিন ধরে বকেয়া বেতন ও চাকরির নিরাপত্তার দাবিতে আন্দোলন করে আসছিলেন। কিন্তু দাবি পূরণ না হওয়ায় তাদের ক্ষোভ চরমে পৌঁছে সহিংসতায় রূপ নেয়।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে এবং পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মোঃ সেলিম সাজ্জাদ,
সিনিয়র স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর