1
2
| প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
চট্টগ্রাম দঃ জেলা এনসিপি'র কমিটিতে হত্যা ও চেক প্রতারণা মামলার আসামি!
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
চট্টগ্রামে হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি সৈয়দ মোহাম্মদ ইমরানকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারীর পদে স্থান দেওয়ায় শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। এ ঘটনায় ন্যায়বিচার নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহতের পরিবার।
গত ৩১ অক্টোবর বিকেলে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত ৩৭ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে ইমরান হোসেনকে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব প্রদান করা হয়।
হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি
জানা যায়, ইমরান কর্ণফুলী থানার আলোচিত জাফর হত্যা মামলার প্রধান আসামি এবং একাধিক চেক প্রতারণা মামলার অভিযুক্ত। গত ১৩ অক্টোবর রাতে খুলশী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে মুক্তি পান।
নিহত জাফরের পরিবার জানায়, ২০১৭ সালের ২৪ আগস্ট কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের গোয়ালপাড়া ফকির মসজিদের সামনে জাফর আহমদকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ইমরানসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। আরও ছয়-সাতজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
বর্তমানে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও দায়রা জজ আদালতে ইমরানের বিরুদ্ধে একাধিক চেক প্রতারণা মামলা বিচারাধীন রয়েছে। তিনি কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।
পরিবারের আশঙ্কা
নিহত জাফরের ছেলে মোহাম্মদ আবছার বলেন,
> “আমার বাবার হত্যার চার্জশিটভুক্ত প্রধান আসামি এনসিপির জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে এসেছেন। এতে আমরা আতঙ্কিত। এমন পরিস্থিতিতে মামলার বিচার ভিন্ন খাতে প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা করছি।”
অভিযোগ অস্বীকার
অভিযোগ অস্বীকার করে এনসিপি নেতা সৈয়দ মোহাম্মদ ইমরান বলেন,
> “আমি সম্পূর্ণ মিথ্যা মামলার শিকার। আওয়ামী লীগের সময় আমাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়। ওই ঘটনায় আমি এলাকায়ও ছিলাম না। আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণেই আমাকে ও আমার পরিবারকে হয়রানি করা হয়েছে।”
দলীয় অবস্থান
এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন,
> “ইমরানকে নিয়ে এখন আলোচনা হচ্ছে, তবে কমিটি ঘোষণার আগে আমরা এ বিষয়ে কিছু জানতাম না। মামলাটি আওয়ামী লীগের সময়ের। প্রাথমিক পর্যালোচনায় মনে হচ্ছে, তিনি হয়তো ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এরপরও বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিতে আমরা সংবাদ সম্মেলনের আয়োজন করবো।”
নিজস্ব প্রতিবেদক |
এনামুল হক রাশেদী, চট্টগ্রাম
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর