1
2
| প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
চুনারুঘাট যুবলীগ নেতা শীর্ষ সন্ত্রাসী ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ওয়াসিম গ্রেফতার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
“অপারেশন ডেভিল হান্ট”-এ পুলিশের বড় সাফল্য, এলাকায় স্বস্তির নিঃশ্বাস
হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” এ যুবলীগ নেতা ও কথিত আন্তঃজেলা ডাকাত দলের সর্দার, শীর্ষ সন্ত্রাসী ইমান আলী ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার পাইকুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে চুনারুঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃত ইমান আলী ওয়াসিম ৫নং শানখলা ইউনিয়নের পাইকুরা গ্রামের মো. কুদরত আলীর ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের নেতা হিসেবে দীর্ঘদিন এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াসিম আন্তঃজেলা ডাকাত দলের নেতৃত্ব দিতেন। তার ভাইও বর্তমানে ডাকাতি মামলায় কারাগারে রয়েছেন। হবিগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী মামলারও আসামি তিনি।
স্থানীয়রা জানান, ওয়াসিম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও ডাকাতির সঙ্গে জড়িত ছিল। তাদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পেত না।
নাম প্রকাশে অনিচ্ছুক শাকির মোহাম্মদ বাজারের এক সিএনজি চালক বলেন, “কয়েক মাস আগে তুচ্ছ ঘটনায় ওয়াসিম ও তার লোকজন আমাকে মারধর করে গুরুতর আহত করে। তখন কেউ কিছু বলতে পারেনি। আজ শুনলাম সে ধরা পড়েছে— মনে হচ্ছে ন্যায় প্রতিষ্ঠিত হচ্ছে।”
এলাকার প্রবীণ সমাজসেবক মো. আব্দুল করিম বলেন, “ওয়াসিম আওয়ামী লীগের নাম ব্যবহার করে ভয় দেখাত, চাঁদা তুলত। তাকে ধরায় মানুষ স্বস্তি পেয়েছে। অনেকে মিষ্টি বিতরণ করেছেন।”
সম্প্রতি লস্করপুর গ্রামে সংঘটিত এক বড় ডাকাতির সাথেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, ওয়াসিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
চুনারুঘাট থানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ওয়াসিম একজন চিহ্নিত অপরাধী। দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবেই তাকে গ্রেফতার করা হয়েছে।”
ওয়াসিমের গ্রেফতারের পর পাইকুরা, লস্করপুর ও শাকির মোহাম্মদ বাজার এলাকায় স্বস্তির বাতাস বইছে। স্থানীয়রা খোদার কাছে শুকরিয়া আদায় করেছেন এবং চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন এমন কুখ্যাত সন্ত্রাসীকে ধরার জন্য।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর