1
2
| প্রকাশের তারিখঃ ২৯ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
মান্দায় সন্তান প্রসবের পর নবজাতককে ফেলে পালালেন মা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মাহবুবুজ্জমান সেতু
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় কন্যা সন্তানের জন্ম দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নবজাতককে হাসপাতালে রেখে পালিয়ে গেছেন মা ও নানী। এতে চরম বিপাকে পড়েছেন নবজাতকের বাবা তৌহিদ ইসলাম। তিনি এই বিষয়ে মান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, তৌহিদ ইসলাম (২৫) নওগাঁর মহাদেবপুর উপজেলার চকহরি বল্লভ গ্রামের বাসিন্দা। দুই বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মান্দা উপজেলার সাহাপুর (ফজিদারপাড়া) গ্রামের লছের আলী মণ্ডলের মেয়ে সাথী আক্তারকে বিয়ে করেন তিনি।
তৌহিদ বলেন, ‘আমার স্ত্রী সাথী আক্তার তিন মাস ধরে বাবার বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রসব ব্যথা উঠলে খবর পেয়ে আমি সেখানে যাই। এরপর স্ত্রী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে তেঁতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে যাই। বিকেল ৫টার দিকে স্বাভাবিকভাবে একটি কন্যা সন্তানের জন্ম দেন সাথী।
তিনি আরও বলেন, ‘ডাক্তারের পরামর্শে আমি ওষুধ আনতে বাইরে যাই। ফিরে এসে দেখি, স্ত্রী ও শাশুড়ি নবজাতককে রেখে চলে গেছেন। আমি হতবাক হয়ে পড়ি। বিষয়টি খুবই অমানবিক। পরে বাধ্য হয়ে থানায় অভিযোগ করি।
এ বিষয়ে কথা হলে সাথী আক্তার বলেন, ‘বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না। আমি এই সন্তান নিতে চাইনি। যেহেতু আমি আর তৌহিদের সঙ্গে সংসার করব না, তাই সন্তানকেও রাখতে চাই না।
মান্দা থানার উপপরিদর্শক (এসআই) সামছুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করছি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চরম আলোড়ন সৃষ্টি হয়েছে। নবজাতকের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর