1
2
| প্রকাশের তারিখঃ ০৪ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
চাঁদপুরে দেশের প্রথম আধুনিক ইলিশ অবতরণ কেন্দ্র স্থাপনের কাজ শুরু
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মাহমুদ ইয়াসিন
স্টাফ রিপোর্টারঃ
দেশের মৎস্য সম্পদ এবং ইলিশের জন্য সুপরিচিত চাঁদপুরে একটি অত্যাধুনিক ইলিশ অবতরণ কেন্দ্র স্থাপনের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। চলতি বছরের জেলা প্রশাসক সম্মেলনে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের প্রস্তাবের ভিত্তিতে এটি একটি মধ্যমেয়াদি প্রকল্প হিসেবে গৃহীত হয়েছে।
গত ২২ জুলাই বিএফডিসি চেয়ারম্যান ফারাহ শাম্মী (এনডিসি) স্বাক্ষরিত এক পত্রে কেন্দ্র স্থাপনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন জানান, চাঁদপুর বড় স্টেশন মাছঘাট এলাকায় প্রায় ০.৪০ একর জমিতে একটি তিনতলা বিশিষ্ট আধুনিক ইলিশ অবতরণ কেন্দ্র নির্মাণের প্রস্তাবনা তৈরি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই কেন্দ্রে আধুনিক বরফকল, নিলামশেড, আড়তঘর, পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা, হিমায়িতকরণ ও প্যাকেজিং সুবিধা, একটি মৎস্য জাদুঘর, করপোরেট অফিস স্পেস, ব্যাংক এবং রেস্তোরাঁর মতো অত্যাধুনিক সুবিধা থাকবে।
জেলা প্রশাসক বলেন, "আমার লক্ষ্য হলো চাঁদপুরে ইলিশ সংরক্ষণ, আমদানি-রপ্তানি ও বিপণন সুষ্ঠুভাবে নিশ্চিত করা, যাতে কেউ প্রতারিত না হয় এবং জেলার সুনাম অক্ষুণ্ণ থাকে।"
এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়নের আগে স্থানীয় জেলে, ব্যবসায়ী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে একাধিক মতবিনিময় সভা করা হয়েছে। তাদের সম্মতিতেই প্রকল্পের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রকল্পটির একটি থ্রিডি ডকুমেন্টারিও প্রস্তুত করা হয়েছে।
স্থানীয় প্রবীণ মৎস্য ব্যবসায়ী সিরাজুল ইসলাম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "এটি বাস্তবায়িত হলে উপকূলীয় জেলার লাখো মৎস্যজীবী উপকৃত হবেন।" নাট্যব্যক্তিত্ব শরীফ চৌধুরী বিশ্বাস করেন যে এই কেন্দ্র দেশি-বিদেশি পর্যটকদের আগমন বাড়াবে। স্থানীয় সমাজকর্মী সেলিম পাটোয়ারী এই ধরনের উদ্যোগকে জেলা প্রশাসনের একটি "সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত" হিসেবে অভিহিত করেছেন।
এই আধুনিক ইলিশ অবতরণ কেন্দ্র চাঁদপুরের মৎস্য অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর