1
2
| প্রকাশের তারিখঃ ৩১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
গরু চোরের অপবাদে যুবককে থানায় আটকে রেখে অর্থ আদায়ের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:
ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়নে গরু চুরির মিথ্যা অভিযোগে এক যুবককে থানায় ডেকে নিয়ে আটকে রেখে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে কোতোয়ালি মডেল থানার এসআই রিপনের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, নিরপরাধ ওই যুবক হাসানকে আটকে রেখে ১,০১৯,০০০ (এক লক্ষ উনিশ হাজার) টাকা আদায় করা হয়েছে।
ভুক্তভোগী হাসান জানান, গত ২৬ জুলাই (শনিবার) সন্ধ্যায় তিনি স্থানীয় গরুর হাট থেকে সাতটি গরু কিনে বাড়ি ফেরার পর রাত ১০টার দিকে এসআই রিপন তাকে থানায় ডেকে নিয়ে যায়। এরপর তাকে পুরো রাত থানায় আটক রাখা হয়। পরদিন দুপুর ২টার দিকে বিপুল অঙ্কের টাকা আদায়ের পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
হাসানের বাবা হাফিজ উদ্দিন বলেন, “আমিও থানায় গিয়েছিলাম ছেলের সাথে। সেখানে এসআই রিপন আমাদের গালাগাল করেন, চোরের অপবাদ দেন এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবি করেন। প্রথমে পাঁচ লক্ষ টাকা দাবি করলেও পরে সাড়ে তিন লক্ষে নামিয়ে আনা হয়। শেষ পর্যন্ত অনেক অনুরোধ ও দেনদরবার করে ১,০১৯,০০০ টাকায় বিষয়টি মীমাংসা হয়।”
এ ঘটনায় হাসানের ভাই হোসেন আলী অভিযোগ করে বলেন, “আমি ও আমার দুই বন্ধু তখন উপস্থিত ছিলাম। আমার ভাইকে ভয়ভীতি দেখিয়ে আটকে রাখা হয় এবং পরে টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।”
ঘটনার বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, পুরো ঘটনাকে সাজানো ও পরিকল্পিতভাবে অর্থ আদায়ের একটি উদাহরণ উল্লেখ করে ভুক্তভোগী পরিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। দ্রুত বিচার এবং অভিযুক্ত এসআই রিপনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর