1
2
| প্রকাশের তারিখঃ ২৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ফার্মেসিতে ডায়াগনস্টিক: ডাক্তার-ফার্মেসি সিন্ডিকেটে বিপাকে রোগীরা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মেহদী হাসান রাকিব
মনপুরা (ভোলা) প্রতিনিধিঃ
ভোলা জেলার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার আড়ালে চলছে চরম অনিয়ম ও দুর্নীতি—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। তাদের দাবি, আবাসিক চিকিৎসক ডা. খালিদ হাসান তানিম হাসপাতালের পাশেই “মনপুরা মডেল ফার্মা” নামে একটি ফার্মেসির ভেতরে বেসরকারিভাবে একটি ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করছেন, যার নেই কোনো সরকারি অনুমোদন।
অভিযোগ অনুযায়ী, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারি চিকিৎসাসেবা না দিয়ে পাঠানো হচ্ছে ওই ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে চালানো হচ্ছে অতিরিক্ত কিংবা অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, যার খরচ গুনতে হচ্ছে অসহায় ও গরিব রোগীদের।
স্থানীয় কয়েকজন রোগী ও তাদের স্বজন—বিবি কহিনুর, মনোয়ারা, মহিমা ও সোহাগ অভিযোগ করেন,চিকিৎসা না দিয়ে সরাসরি টেস্ট করতে বলা হয়। কিছু জানতে চাইলে দুর্ব্যবহার করা হয়। ফার্মেসি থেকেই ভেজাল বা মানহীন ওষুধ কিনতেও বাধ্য করা হয়।
উপজেলার একমাত্র সরকারি এই স্বাস্থ্য কমপ্লেক্সে আগেই রয়েছে চিকিৎসক ও নার্স সংকট। এর ওপর ডা. তানিম নিয়মিত কর্মস্থলে না থাকার অভিযোগ নতুন করে দুর্ভোগ বাড়িয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ডা. তানিম উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরকলাতলি ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের ভাইর ছেলের আত্মীয়। রাজনৈতিক প্রভাবকে পুঁজি করে স্বাস্থ্য কমপ্লেক্সের লাগোয়া এলাকাতেই চলছে এই অননুমোদিত ডায়াগনস্টিক সেবার ব্যবসা।
স্থানীয় সচেতন নাগরিকরা অবিলম্বে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের মতে, সরকারি সেবাকে ব্যবসায় রূপ দিয়ে একদিকে যেমন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, অন্যদিকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর