1
2
| প্রকাশের তারিখঃ ৩০ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বকশীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননার অভিযোগ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
রাশেদুল ইসলাম রনি,
বকশীগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ মে) বিকেলে বকশীগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমিতির কার্যালয়ে স্থাপিত তার ছবি খুলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সমিতির কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে।
বকশীগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর জানান, আওয়ামী লীগের অনুসারী হিসেবে পরিচিত সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পরিকল্পিতভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাতের ছবি খুলে মাটিতে ছুড়ে ফেলেন।
তিনি বলেন, “এমন ঘটনা নেতাকর্মীদের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
তবে অভিযোগ অস্বীকার করে সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন বলেন, “আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।”
মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়, ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহাম্মেদ বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর