1
2
| প্রকাশের তারিখঃ ২৩ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
দেবীগঞ্জে সেতু নির্মাণে ধীরগতি, দুর্ভোগে ১০ হাজার মানুষ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
জমির উদ্দীন
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার খড়খড়িয়া নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘসূত্রতায় পড়েছে। দেড় বছর পার হলেও শেষ হয়নি পিলার নির্মাণ। ফলে বর্ষার আগেই নদী পারাপারে চরম অনিশ্চয়তায় পড়েছেন অন্তত ১০ হাজার স্থানীয় বাসিন্দা।
উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের উমেষের ডাঙ্গা এলাকায় এলজিইডির অর্থায়নে সেতুটি নির্মাণ করছে মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স লিমিটেড। ২০২৩ সালের অক্টোবরে কাজ শুরু হয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা থাকলেও কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। চারটি পিলারের মধ্যে একটি এখনো অসম্পূর্ণ, মূল কাঠামোর কাজ শুরুই হয়নি।
স্থানীয়রা অভিযোগ করছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং প্রকৌশলীর অবহেলার কারণেই প্রকল্পটি থমকে আছে। নির্মাণসামগ্রীর মান নিয়েও উঠেছে প্রশ্ন; রডে মরিচা পড়েছে, ব্যবহৃত হচ্ছে নিম্নমানের পাথর।
বাসিন্দা গোলাম রব্বানী বলেন, “সাঁকো ভেঙে যাওয়ার পর থেকেই কষ্টে আছি।” শিক্ষার্থী মামুন ইসলাম জানান, “ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়, বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হবে।”
ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি জানান, তিনি নতুন দায়িত্ব নিয়েছেন এবং অভিযোগগুলো ঠিকাদারকে জানাবেন। উপজেলা প্রকৌশলী জানান, কাজের সময়সীমা বাড়ানো হয়েছে এবং অস্থায়ী সেতু মেরামতের কাজ চলছে।
তবে এলাকাবাসীর আশঙ্কা, বর্ষার আগেই সেতুর কাজ না এগোলে দুর্ভোগ আরও চরমে উঠবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর